রাজনীতি

অনিয়মের সুরাহা না হলে ভোট দেবেন না, কেন্দ্রের মাঠে বসে পড়লেন বুলবুল

তিন সিটি নির্বাচন-রাজশাহী-বিএনপি

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ঘোষণা দিয়েছেন, যতক্ষণ চলমান অনিয়মের অভিযোগের কোনো সুরাহা না হবে ততক্ষণ নিজের ভোট দেবেন না তিনি।

রাজশাহীর উপশহর স্যাটেলাইট স্কুলে সকাল ৮.২০ মিনিটে দিকে ভোটে দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ওই ভোটকেন্দ্রেই সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেয়ার কথা বুলবুলেরও।

কিন্তু রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না – এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে ভোট না দিয়ে অভিযোগ পাওয়া কেন্দ্রগুলো একে একে পরিদর্শনে যান বিএনপি প্রার্থী।

বেলা সাড়ে ১১টার দিকে ইসলামিয়া কলেজ কেন্দ্রে গিয়ে বুলবুল অভিযোগ পান বিএনপি এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। পাশাপাশি মেয়রের ১৬শ’ ব্যালট পাওয়া যাচ্ছে না বলেও জানতে পারেন তিনি।তিন সিটি নির্বাচন-রাজশাহী-বিএনপি

মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের জানান, প্রিজাইডিং অফিসারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাই এর প্রতিবাদে ইসলামিয়া কলেজ মাঠেই অবস্থান নেন এই প্রার্থী।

বুলবুল বলেছেন, যতক্ষণ এই ঘটনার সুরাহা না হবে ততক্ষণ নিজের ভোট না দিয়ে এই কেন্দ্রেই তিনি বসে থাকবেন।

তবে ভোট না দিলেও নির্বাচন বর্জন করবেন না বলে জানিয়েছেন বুলবুল।

অনিয়মের অভিযোগে কেন্দ্রটিতে ভোটগ্রহণ আপাতত বন্ধ রয়েছে।

বিষয়:তিন সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…