শিক্ষা

অধ্যাপক আকমলের পড়ানো সিলেবাস খতিয়ে দেখবে ঢাবি শিক্ষক সমিতি

অধ্যাপক আকমলের পড়ানো সিলেবাস খতিয়ে দেখবে ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেন গত ৩৭ বছর শ্রেণীকক্ষে যে সিলেবাস পড়িয়েছেন, তা খতিয়ে দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানানো হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতি দাবি করেছে, আকমল হোসেন গত ১৯ জুলাই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিতর্কিত কথা বলেছেন, সে অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধকে অবমনানা করেছেন। একইসাথে তিনি শ্রেণীকক্ষে ৩৭ বছর ধরে কী পড়িয়েছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো ধরনের বিতর্কিত তথ্য পরিবেশন করেছেন কিনা তা খতিয়ে দেখা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। তিনি বলেন, একজন সিনিয়র অধ্যাপক হিসেবে তার এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঢাবি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

কোটা আন্দোলনের জন্য সরকারের পলিসিকে দায়ী করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনার সরকারের পলিসিও কিন্তু কোটা আন্দোলনের জন্য দায়ী। ফরাস উদ্দীন কমিশনের কোনো প্রয়োজন ছিল না। অতিরিক্ত আমলা তোষণের কারণে আমাদের শিক্ষার্থীরা আজকে অ্যাকাডেমিক পড়া না পড়ে বিসিএস পড়ছে। আপনি লক্ষ্য করলে দেখবেন, প্রতিদিন সকালে শাহবাগ থেকে কেন্দ্রীয় লাইব্রেরী পর্যন্ত শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে। যার কারণে এ ধরনের পলিসির চাপ কোটা আন্দোলনের উপর এসে পড়েছে।

এসময় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল বলেন, অধ্যাপক আকমল হোসেন যে ধরনের বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে। আকমলের ৩৭ বছরের শিক্ষকতায় তিনি কী পড়িয়েছেন, তা খতিয়ে দেখবে শিক্ষক সমিতি।

‘আমরা আকমলকে তার দেয়া বক্তব্যের জন্য নি:শর্ত ক্ষমা চাইতে বলব এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। তা না হলে শিক্ষক সমিতি কঠোর আন্দোলনে যাবে’, বলেন এ এস এম মাকসুদ কামাল।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষক সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…