সেরা বাংলাবিদের খেতাব জিতলেন রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ। চূড়ান্ত পর্বে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের অন্তিকা জান্নাত এবং তৃতীয় হয়েছেন বরিশালের অয়ন চক্রবর্তী।
শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে টানটান উত্তেজনা, ভাষার লড়াই আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের গ্র্যান্ড ফিনালে।
ওয়ার্দা রিহ্যাবের নৃত্যনাট্য দিয়ে শুরু হয় ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের তৃতীয় বর্ষের চূড়ান্ত পর্ব।
এসময় দীর্ঘদিন ধরে এমন চমৎকার একটি আয়োজনের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা জানান বিচারকেরা। এমন মাহেন্দ্রক্ষণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় শুভকামনা জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়ে রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ পেয়েছেন ১০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী ময়মনসিংহের অন্তিকা জান্নাত পেয়েছেন ৩ লাখ এবং তৃতীয় বিজয়ী বরিশালের অয়ন চক্রবর্তী ২ লাখ টাকা পেয়েছেন।
এছাড়াও সেরা দশ বাংলাবিদকে দেয়া হয় একটি করে ল্যাপটপ, ৫০ হাজার টাকা সমমূল্যের বই এবং আলমারি।
এসময় অতিথিদের সাথে বিজয়ীদের পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন, এম এম ইস্পাহানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি এবং পরিচালক আলি ইস্পাহানি।








