সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট ও গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আক্তারুজ্জামান টনি (২২), মোঃ আসাদুল্লাহ আল গালিব (২২), মোঃ মুনইম সরকার (২৩)।
এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, একাধিক মোবাইল সিম, ভিডিও ক্লিপ, ছাত্র শিবিরে যোগদানপত্র জব্দ করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দলনকে ভিন্নখাতে প্রভাবিত করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল থেকে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস,উসকানিমূলক মিথ্যা তথ্য এবং ছাত্র আন্দোলনকে দীর্ঘমেয়াদী করাসহ গুজব ছড়াচ্ছিল। এ অভিযোগে ধানমন্ডির আবাহনী মাঠের গেইট থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা তাদের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকের আইডি হতে এসব অপকর্ম চালাচ্ছিল।
রবিউল বলেন, জিজ্ঞাসাবাদে আরো জান যায় আসামিরা গত ২৯ জুলাই শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলক ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য ফেসবুকে বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করছিল।
‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনে সরকার ছাত্রদের দাবি মেনে নিলেও এই আসামিরা তাদের সহযোগিদের সাথে মিলে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের উপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা করছিল।
আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।










