নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকার জঙ্গিবাদের কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, সরকার একটি প্রতারণার জাল ফেলে জঙ্গিবাদকে সামনে নিয়ে এসে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা সুষ্ঠু নির্বাচন না দিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যও হতে পারে, আবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে জন্যও হতে পারে।
রিজভী অভিযোগ করেন, বিভিন্ন সময় জঙ্গি সন্দেহে অনেককে আটক করছে সরকারি বাহিনী। তারপর লাশ পাওয়া যাচ্ছে তাদের। সরকারি বাহিনীগুলো বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে।
তিনি বলেন, এটি তো শুধু সংবিধান লংঘনই নয়, এটি মানবতারও লংঘন, সীমাহীন অমানবিক ঘটনা। সরকারের এই যে সমন্বয়হীন কথাবার্তা তাতে বোঝা যায় সরকার প্রতারণা করছে।
রিজভী বলেন, আপনি সন্দেহভাজন হিসেবে যাকে ধরবেন তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তার মাধ্যমে তাদের নেটওয়ার্ক কোথায় বের করতে হবে, তাদের সাংগঠনিক পরিধি কি তা জানতে হবে। কিন্তু তা না করে তাকে হয় গুম করা হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে। এতে তো মানুষের ঘোরতর সন্দেহ হচ্ছে সরকারের ওপর।
এটি সরকারের প্রতারণা, জঙ্গিবাদের কৌশল বলে মন্তব্য করে তিনি বলেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন ‘জঙ্গিবাদ জাতীয় নির্বাচনের অন্তরায়’।
রিজভী বলেন, মূলত তারা এটাই চায়। নির্বাচন না করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করতে চায়। এটাই তাদের জঙ্গিবাদ কৌশল নেয়ার কারণ বলে দাবি করেন রিজভী।










