ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, রংপুরের ঠাকুরপাড়ায় উত্তেজিত জনতার দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেয়ার ব্যাপারে ভারতকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায়, এক টুইট বার্তায় বলেছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন আমরা পেয়েছি।
ধর্মকে অবমাননা করে ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত শুক্রবার কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হামলা চালিয়ে বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন নিহত ও পুলিশসহ ২০ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় আরো বলেছেন, বাংলাদেশে কর্তৃপক্ষ ঢাকায় তাদের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে জানিয়েছেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িঘর পুননির্মাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি জানান, হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন।









