উল্টোপথে গাড়ি চালানোর দায়ে নিয়মিতই মামলা ও জরিমানা করে ডিএমপি। তারপরও বিশেষ করে ভিআইপিদের উল্টোপথে চলাচল বন্ধ করতে পারছে না পুলিশ। সর্বশেষ রোববার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের (শেরাটন) মোড়ে উল্টোপথ দিয়ে আসা এক বিচারপতির গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
বিচারপতির গাড়িটি উল্টোপথে চালানোতে এ দুর্ঘটনা ঘটেছে। সেসময় গাড়িটিতে বিচারপতি ছিলেন না। দুর্ঘটনায় আহত জুবিন ফয়সলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়িটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর কবির সেলিমের। গাড়িটি মিন্টো রোডের দিক থেকে উল্টোপথে আসছিল বাংলামোটরের দিকে যাওয়ার জন্য। একই সময় রূপসী বাংলা মোড় থেকে মিন্টো রোডের দিকে যাওয়ার জন্য মটরসাইকেল নিয়ে বাঁক নিয়েছিলেন ফয়সল।
‘মোটরসাইকেলটি সরাসরি জিপের নিচে চলে যাওয়ায় ফয়সল গুরুতর আহত হন,’ বলে জানান এক পুলিশ কর্মকর্তা।
রমনা থানার ওসি মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বিচারপতির গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।
উল্টোপথে গাড়ি চালানোর বিষয়ে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী চ্যানেল আই অনলাইনকে বলেন: উল্টোপথে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করার দায়ে নিয়মিতই ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে। অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানাও করা হয়।
তিনি জানান, গত ১ জুলাই ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীতে দিনভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৫১ টি মামলা ও ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করে। ওই সময় ২৪টি গাড়ি ডাম্পিং ও ২১৯ টি গাড়ি রেকার করা হয়।
ভিআইপি ব্যক্তিদের উল্টোপথে গাড়ি চালানো নিয়ে বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেটের মঞ্জুরি দাবি ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ভিআইপিদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা মন্ত্রী-এমপি, গাড়ির চাপ দেখলেই ধৈর্য্য আর মানি না। আমরা তখন উল্টোপথে যাই।








