তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। যার কারণে বিশ্রামে রাখা হয়েছিল ব্রাজিল তারকা নেইমারকে। আর নিষেধাজ্ঞা কারণে ছিলেন না এমবাপে। তবে দলের সেরা দুই তারকাকে ছাড়াই দারুণ জয় পেয়েছে ক্লাবটি।
নেইমার-এমবাপেকে ছাড়াই লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে হয়ে গোল করেছেন ইউলিয়ান ড্রাক্সলার, এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি’মারিয়া ও মুসা দিয়াবি। চলতি মৌসুমে এটি টানা পঞ্চম জয় প্যারিস সাঁ সাঁ’র।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মার্কো ভেরাত্তির বাড়ানো বল ডি-বক্সে বাইরে থেকে হেডে জালে জড়ান ড্রাক্সলার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ৭৬ মিনিটে আড়াআড়ি শটে ব্যবধান ৩-০ করেন ডি’মারিয়া। আর শেষ দিকে প্রতিপক্ষে জালে চারনম্বর গোলটি করেন ফরোয়ার্ড দিয়াবি। টানা পাঁচ জয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।








