রাত আটটায় পাশের স্টেট নিউজার্সিতে কোপা আমেরিকার ফাইনাল। কিন্তু দুপুর থেকেই দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা আর চিলির সমথর্কদের উপচে পড়া ভীড় সাবওয়েতে। তবে সাদা-আকাশি রঙের আধিক্যই চোখে পড়ল। তাই বলে লাল জার্সির চিলি সমথর্করা কম যান না।
ট্রেন ছাড়তে দেরি। তাতে কি? দলকে উজ্জীবিত করার গান আছে না? গলা ফাটিয়ে গেয়েই যাচ্ছেন দুই দলের সমথর্করা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী কিনা জিজ্ঞেস করতেই একদল আর্জেন্টিনা সমথর্ক বলে উঠল, আমরাই জিতব।
এঞ্জেল নামের এক সমর্থক চিৎকার করে বলল, আজ মেসি দুই গোল করবে। মেসিকে নিয়েই তো গত কোপা ফাইনালে আর্জেন্টিনা হেরে গিয়েছিল মনে করিয়ে দিলে তারা কিছুটা চুপ হয়ে যায়। পরক্ষণেই বলতে থাকে,
এবার আমাদের দল অনেক ভালো খেলছে।
অপরদিকে চিলির সমর্থকরা অনেকটা নির্ভার চিত্তে চিলি চিলি বলে চিৎকার করছে। গতবার আর্জেন্টিনাকে হারিয়েছে তাদের দল। এবার ও ভাল ফাইট দেবে। দল জিতবে বলেই আশা তাদের।
মেসির কথা বলতেই তাদের গর্জন: আমাদেরও আছে এলেক্স সানচেজ, ব্রাভো, ভিদাল।
নিউ জার্সিতে মাঠের লড়াইয়ের আগে নিউইয়র্কের সাবওয়ের যুদ্ধটা একেবারে মন্দ ছিল না। আর তাদের সামাল দিতে নিউইয়র্ক পুলিশের ত্রাহি ত্রাহি অবস্থা।







