কলকাতার সাহিত্য পত্রিকা চোখ ‘বঙ্গবন্ধু পুরস্কার ২০১৭’ এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি, রাজনীতিবিদ ও কলামিস্ট নূহ-উল-আলম লেনিন। তার হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পান্ডে।
গত ১৯ আগস্ট পশ্চিমবঙ্গ বাঙলা একাডেমির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেনিনের হাতে কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার এবং চোখ সম্পাদক মানিক দে স্বাক্ষরিত মানপত্রও তুলে দেন সাধন পান্ডে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আরও কয়েকজনকে অন্নদাশঙ্কর রায় পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশের বিশিষ্ট কবি অসীম সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবি পঙ্কজ সাহার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশিষ্ট কবি সাহিত্যিক বুদ্ধজীবী, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বিশিষ্ট কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
একই দিন বিকেল ৫টা সাহিত্য সংগঠন শিল্পমন আয়োজন করে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক মেলবন্ধন নামে আলোচনা স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন প্রবীণ কবি কমল দে শিকদার ও কবি অধ্যাপিকা কৃষ্ণা বসু।
কবি কেতকীপ্রসাদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবি অসীম সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ শাজাহান মিয়া, কবি আসলাম সানী। আরও উপস্থিত ছিলেন কবি অঞ্জনা সাহা, কবি আয়েশা জেবিন, কবি ফারজানা করিম, কবি মাহাবুবা রহমান লাকী প্রমুখ বাংলাদেশের কবি- লেখক। কলকাতার কবি অশোক রায় চৌধুরী, গৌর মিত্র, অভীক বসুসহ বহু সংখ্যক কবি, বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীও উপস্থিত ছিলেন।








