সদ্য প্রয়াত ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। শনিবার বাদ আসর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শুরুর আগে এ তথ্য জানান তার ছেলে নাভিদুল হক।
আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে, আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলায়েন্সের ০০২ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা হয়রত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। এর সময় তার সঙ্গে আসেন স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক এবং এক নাতনি।
শনিবার বেলা ১:৩০টায় বিমানবন্দর থেকে মরদেহ আনিসুল হকের বনানীর ২৩ নম্বর রোডের ৮০ নম্বর বাড়িতে পৌঁছায়। এসময় প্রয়াত মেয়রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং আওয়ামী লীগ-বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা প্রয়াত নগরপিতার প্রতি শ্রদ্ধা জানান।
সব শেষে ছেলেকে শেষবারের মতো দেখতে আসেন আনিসুল হকের বাবা শরীফুল হক। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকা শরীফুল হককে আনা হয় আর্মি এম্বুলেন্সে করে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। পরের দিন শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।









