আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দুদলের মাঝে শক্তির যে ব্যবধান, তা বিস্তর মনে হয়েছে সাদা বলের লড়াইয়ে। ব্যাটিংয়ে বাংলাদেশ রান তুলেছে ঝড়ের গতিতে। টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়ে রাখলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। এটি দিয়ে শেষ হবে আইরিশদের বাংলাদেশ সফর। শেষ ম্যাচে বাংলাদেশ তাকিয়ে আদর্শ ক্রিকেট খেলার দিকে। টেস্টের নবীন দলটি তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় নতুন কিছুর পরীক্ষা-নিরীক্ষা হতে পারে ম্যাচে। সেটি যে আগ্রাসী ক্রিকেট তা না বললেও চলছে।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মিরাজ যা বললেন তাতে স্পষ্ট হল দলের ভাবনা, ‘আধুনিক ক্রিকেটে এখন সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটও কিন্তু এখন বিশ্বে যেমন চলছে, আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছে সবাই। অবশ্যই আমরাও চেষ্টা করব।’
‘আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি, তাহলে তো ভালো। দিন শেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটা দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো এবং ক্রিকেটারদের জন্যও ভালো।’
‘কতটা আগ্রাসী হবো সেটি উইকেটের উপর নির্ভর করে। কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ’ বলেন মিরাজ।








