ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি মৌসুমের চতুর্থ চুক্তিতে দলে টেনেছে সিয়েরা লিওনের জুমা বাহ’কে। ১৮ বর্ষী সেন্টার ব্যাক চুক্তি সেরেও এখনই সিটিজেনদের হয়ে মাঠে নামতে পারছেন না। ফরাসি ক্লাব লেন্সকে মৌসুমের শেষপর্যন্ত ধারে দেয়া হয়েছে তাকে। মৌসুম শেষের পর সিটি জার্সিতে দেখা যাবে জুমাকে।
সিটি বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটিতে নিবন্ধন করার পর জুমা বাহ–কে মৌসুমের শেষপর্যন্ত আর সি লেন্সে ধার দিয়েছে। ১৮ বর্ষী জুমা স্পেনের রিয়াল ভ্যালাদোলিদে ছিলেন, সেখান থেকে লিগ ওয়ানে যাবেন।’
জুমার লেন্সে যোগ দেয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ সিয়েরা লিওনের খেলোয়াড় সিটিজেনদের সাথে চুক্তি সহজ করার জন্য এবং ভ্যালাদোলিদের সাথে চুক্তি বাতিল করতে ৬ মিলিয়ন ইউরো দিয়েছিলেন। যে অর্থের পরিমাণ স্প্যানিশ ক্লাবটির চাওয়ার চেয়ে অনেক কম।
ভ্যালাদোলিদ বিষয়টি আদালতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। কারণ তারা মনে করছে, ম্যানসিটি খেলোয়াড়কে এমন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছে। স্প্যানিশ ক্লাবটির বিবৃতির পর সিটিজেনদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।








