রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, সততা ও উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের প্রতি তার দায়বদ্ধতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন। তবে তার কর্ম, চিন্তা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব আজও জাতির স্মৃতিতে অম্লান হয়ে আছে।
রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক হিসেবে জিয়াউর রহমান স্বাধীনতার সূচনালগ্নে জাতিকে মুক্তির সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। তার স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র প্রতিরোধের আহ্বান মুক্তিযুদ্ধে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান নানা যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল উৎপাদনমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের একটি সুস্পষ্ট রূপরেখা।
বাণীতে রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে জিয়াউর রহমান ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনায় তুলনামূলক স্বল্প সময় পেলেও গভীর দেশপ্রেম, সততা, ন্যায়পরায়ণতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে ভূমিকা রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।








