বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জিয়াউল আহসানকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করে আগামী ২৭ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।
২০২৫ সালের ৩ জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে নিজের গুম হওয়ার অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
কর্নেল মোমেনকেও হাজিরের নির্দেশ
জাকির হোসেন নামে এক শিক্ষার্থীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় কর্নেল মোমেন বর্তমানে ঢাকা সেনানিবাসের একটি সাব-জেলে রয়েছেন।








