বাংলাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে গুলির ঘটনা ঘটে।

পরে পুলিশ তাওহিদুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তাওহিদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা আছে।

বিষয়:খুলনা তাওহিদুল ইসলাম পলাশ গ্রুপ পূর্ব বানিয়াখামার শীর্ষ সন্ত্রাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…