জাতীয় সংসদ সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন আজ হাইকোর্টে রিটটি করেছেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। আর জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান এই রিটে স্থগিত চাওয়া হয়েছে।
সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। গত ৩ নভেম্বর এই অধ্যাদেশ জারি করা হয়। সংশোধনীতে বলা হয়, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্থী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।








