পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিরিক্ত ব্যয় কমানো এবং অপ্রচলিত খাত থেকে কর সংগ্রহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।
সোমবার ২৪ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বিশ্বব্যাংকের বরাতে এক প্রতিবেদনে জানায়, দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দেশটিকে তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।
পাকিস্তানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বানহাসিন নির্বাচনকে সামনে রেখে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এখনই পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়ার সময়।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ টোবিয়াস হক বলেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক গভীরভাবে উদ্বিগ্ন । তিনি বলেন, গুরুতর অর্থনৈতিক ও মানব উন্নয়ন সংকটের সম্মুখীন পাকিস্তান। এটি এমন এক পর্যায়ে রয়েছে, যেখানে বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন।
বিশ্বব্যাংক বলেছে, পাকিস্তানে দারিদ্র্যের হার এক বছরের ব্যবধানে ৩৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩৯ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। এতে দেশটির জনগণের মাথাপিছু দৈনিক আয় ৩ দশমিক ৬৫ মার্কিন ডলারের নিচে পৌঁছেছে। এমন লোকের সংখ্যা এক বছরে বেড়েছে এক কোটি ২৫ লাখ।
টোবিয়াস হকের মতে, পাকিস্তানের অর্থনৈতিক মডেল এখন আর দারিদ্র্য কমাচ্ছে না। এতে সমকক্ষ দেশগুলোর তুলনায় জীবনযাত্রার মানে পিছিয়ে পড়ছেন পাকিস্তানীরা।










