জনপদ

নরসিংদীতে বেতন বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ

শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করছে, দেশবন্ধু পলিমারে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেতন বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেছে দেশ বন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার ১৩ অক্টোবর সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানাটির সামনে শতশত শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫’শ শ্রমিক কর্মরত রয়েছে। গত কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমত শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। একই সাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও বকেয়া রয়েছে শ্রমিকদের। পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে শ্রমিকদের। এ অবস্থায় কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেন শতশত শ্রমিক। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।

কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে।

বিষয়:শ্রমিক বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…