এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিক সংঘ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বন্দর নতুন মার্কেট থেকে শুরু হয়ে বন্দরের কলোনির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর পুরাতন মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন ও সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
বক্তারা শ্রমিক-কর্মচারীদের মতামতকে গুরুত্ব দিয়ে এনসিটি পরিচালনার ক্ষেত্রে ডকুমেন্ট, কালেকশন ও আন-স্টাফিংয়ের দায়িত্ব বন্দরের হাতে রাখার দাবি জানান। একই সঙ্গে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টার্মিনাল পরিচালনার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার একক সিদ্ধান্তের ফলে বন্দরে শ্রম অসন্তোষ সৃষ্টি হতে পারে। তাই শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম রুমেল, রেজাউল করিম সেলিম, মো. শাহ আলম, রবিউল হাসান, মো. আমানুল্লাহ প্রমুখ।





