মালয়েশিয়ায় হতে চলা ২০২৫ সালের মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৬ দলের অংশগ্রহণে ৪১ ম্যাচের টুর্নামেন্টের পর্দা উঠবে ১৮ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে ১২ দল। স্বাগতিক মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ খেলবে গ্রুপ ‘ডি’তে। লাল-সবুজরা প্রতিপক্ষ পেয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং এশিয়ার কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দলকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে।
‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, সামোয়া এবং আফ্রিকার কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল।
গ্রুপপর্বের ম্যাচগুলো চারটি ভিন্ন শহরে হবে। ‘এ’ গ্রুপের এবং ফাইনাল ম্যাচ হবে শীলাগোরের বাসুসমাস ওভালে। বাংলাদেশের ম্যাচগুলো হবে উইকেএম ওয়াইএসডি ওভালে। টুর্নামেন্টের প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হবে এশিয়ার কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলটি।







