মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিক লাল-সবুজের মেয়েরা। স্বাগতিক মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আসরের সুপার ফোর নিশ্চিত করেছে যুবা টিম টাইগ্রেস।
কুয়ালালামপুরে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিতি ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের মেয়েরা। জবাবে নেমে ১৪.৫ ওভারে ২৯ রানে মালয়েশিয়ার মেয়েদের গুটিয়ে দেয় সুমাইয়া আক্তারের দল।
মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টিম টাইগ্রেস। ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে নেপাল।
১৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেপালের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার দল।
মঙ্গলবার সকালে ব্যাট হাতে দারুণ করেন জান্নাতুল মাওয়া। ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন। জান্নাতুলকে ভালো সঙ্গ দিয়েছেন সাদিয়া আক্তার। ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া ২১ বলে ২৬ রান করেন ফাহমিদা ছোয়া, ১৬ বলে ১৯ রান করেন মোসাম্মৎ ইভা।
১৪৯ রানের সংগ্রহ গড়ে মালয়েশিয়াকে ব্যাটে পাঠিয়ে ধসিয়ে দেন বাংলাদেশি বোলাররা। নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভার বল করে ৩ রান খরচায় ৫ উইকেট নেন। এছাড়া হাবিবা ইসলাম ৩টি এবং আনিসা আক্তার সোবা দুটি উইকেট নেন।







