অস্ট্রেলিয়ার কাছে হেরে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। অজিদের ১৭৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে তারা লড়েছে শেষ বল পর্যন্ত। ১৬৭ রানে পৌঁছাতে পেরেছেন হারমানপ্রীতরা, ৫ রানের হার মানতে হয়।
কেপটাউনে আসরের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ১৭২ রান। জবাবে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রানে থামে ভারত।
শুক্রবার দ্বিতীয় সেমিতে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের লড়াইয়ে ঠিক হবে ফাইনালে অজিদের প্রতিপক্ষ হচ্ছে কারা।
উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলে অস্ট্রেলিয়া। ২৬ বলে ২৫ রানে রাধা যাদবের বলে এলিসা হিলি আউট হলে ভাঙে জুটি। আরেক ওপেনার বেথ মুনি আউট হন অর্ধশতক করে। ৩৭ বলে ৫৪ রানে শিখা পান্ডের শিকার হন।
দলীয় ১৪১ রানে আউট হন গার্ডনার। ১৮ বলে ৩১ রান করে যান। ১৮.৩ বলে ১৪৮ রানে ফেরেন গ্রেস হ্যারিস।
অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত ৩৪ বলে ৪৯ রানে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭২ রান। ভারতের হয়ে ৩২ রানে ২ উইকেট নেন শিখা পান্ডে।
জবাবে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ২৮ রানের মধ্যে হারিয়ে ফেলে তিন টপ অর্ডার ব্যাটারকে। হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। জুটিতে আসে ৬৯ রান।
দলীয় ৯৭ রানে জেমাইমা ফিরলে ভাঙে জুটি। ২৪ বলে ৪৩ রান করেন তিনি। ১৪.৩ ওভারে রানআউট হয়ে ফেরেন হারমানপ্রীত। ৩৪ বলে ৫২ করে যান। তার বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় ভারত।
শেষদিকে দীপ্তি শর্মা চেষ্টা চালালেও জেতাতে পারেননি। ১৭ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন গার্ডনার ও ব্রাউন।








