ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ স্বাগতিক দেশ, তবে একবিন্দু ছাড় দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা। শুক্রবার সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন তিনি।
এক প্রশ্নে মারিয়া মান্দা বলেন, ‘আমাদের সবার মনে একটা উত্তেজনা আছে, কাজ করছে। সেটা হল ফাইনাল ম্যাচ ও বারবার বলে আসছি যে, যেহেতু আমরা সুযোগ পেয়েছি, আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই।’
‘আমরা সবাই জানি যে ভারত অনেক ভালো দল। আমরা ওদের সাথে ফাইট করবো এবং তাদের ছাড় দিয়ে কথা বলব না।’
সাবিনা খাতুনের উত্তরসূরি জানালেন, ‘সবার মানসিক অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। দলের সবাই ভালো আছে। সবাই এই ফাইনাল নিয়ে চিন্তাভাবনায় আছে।’
সাফের ফাইনালে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ টানা তিন সাফের ফাইনালে খেলতে নামছে।
মারগাওয়ের পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হওয়া সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছিল নেপালকে। স্বাগতিক ভারত ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে ফাইনালে উঠেছে।







