অসম্ভব কোনো লক্ষ্য ছিল না। কিন্তু ব্যাটিংয়ে লড়াইয়ের মনোভাবও দেখাতে পারল না বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণাত্মক ব্যাটিংয়ে এশিয়া কাপে ভারতের কাছে ৫৯ রানের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে কেবল একশ ছুঁতে পারে বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তিন অঙ্কে পৌঁছায় স্বাগতিকদের ইনিংস।
মুর্শিদা খাতুন ও ফারজানা হক ওপেনিং জুটিতে যোগ করেন ৪৫ রান। ধীরগতিতে রান তুলে দশম ওভারে বিচ্ছিন্ন হন তারা। শুরুর মতোই শেষটাতেও বাংলাদেশ রান তোলায় ছিল মন্থর।
অধিনায়ক নিগার কেবল বলের চেয়ে বেশি রান করতে পেরেছেন। ২৯ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। মুর্শিদা ২৫ বলে ২১ ও ফারজানা ৪০ বলে ৩০ রান করেন।
দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা নেন দুটি করে উইকেট। ৫৫ রানের ইনিংস খেলার পর বল হাতে সফল দীপ্তিই হন ম্যাচসেরা।
দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ভারত। ৯৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর ছন্দ হারায় দলটি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৫৯ রান।
রুমানা আহমেদের জোড়া শিকারের পর মনে হচ্ছিল ভারতকে দেড়শর মধ্যেই আটকে দেবে বাংলাদেশ। তবে জেমিয়া রদ্রিগেজের ২৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস এনে দেয় লড়াকু সংগ্রহ।
নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেননি এ ম্যাচ। তার জায়গায় মান্ধানা নেতৃত্ব দিচ্ছেন দলকে। এ ওপেনার ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে রান আউট হন। আরেক ওপেনার শেফালি ভার্মা ৪৪ বলে ৫৫ রান করে রুমানার প্রথম শিকারে পরিনত হন। তিন ওভারে ২৭ রানে তিন উইকেট নেন এ লেগি।








