শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে তারা । এতে স্বাভাবিক হয়েছে গোটা তেজগাঁও ও আশপাশের এলাকার যান চলাচল।
সোমবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করাসহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁও এর প্রধান সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, তেজগাঁও ও মহাখালী এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
পলিটেকনিক ছাত্রদের দাবিগুলো হল- ১) কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না ২) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে ৩) ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে ৪) কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে ৫) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে ৬) উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।








