শীতের প্রকোপে দিনাজপুরে জমে উঠেছে শীতের পোশাক বেচাকেনা। দিনাজপুর শহরের বড় ময়দানস্থ লন্ড্রি বাজার খ্যাত হকার মার্কেট থেকে শুরু করে বড় বড় শপিংমল এবং ফুটপাতের দোকান, সব জায়গাতেই ক্রেতার ভীড়। বিক্রিও হচ্ছে হরদম। তবে চাহিদা থাকায় শীতের পোশাকের দাম এবার বাড়তি। সাধ আর সাধ্যের সমন্বয় করতে বেশিরভাগ ক্রেতাই পুরাতন কাপড়ের হকার মার্কেটেই বেশি ঝুঁকছেন। কিনছেন পছন্দের শীতবস্ত্র। বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরাও।
গতকাল রবিবার (৮ জানুয়ারি) ও আজ সোমবার অফিস খোলা থাকায় অফিস শেষে বিকেলে দিনাজপুর বড় ময়দানে পুরাতন কাপড়ের বাজার হকার মার্কেটে শীতের পোশাক কিনতে আসেন অনেকেই। ফলে পুরাতন কাপড়ের মার্কেটে ছিল উপচে পড়া ভীড়।
‘লন্ড্রি বাজার’খ্যাত এই গরম কাপড়ের মার্কেটটি এক সময় বসত দিনাজপুর আদালত পাড়ায়। তাই অনেকে বলা হতো কাচারি বাজার। সাধারণ নিন্ম আয়ের মানুষের আস্থার বাজার এটি। পরে দিনাজপুর ঐতিহাসিক বড় ময়দানে স্থানান্তর হয়। এখনও অনেকে এই বাজারটিকে ‘কাচারি বাজার’ নামেই চেনেন।
খানসামা উপজেলার আঙ্গারপাড়া এলাকা থেকে কাপড় কিনতে আসা ফারুক হোসেন জানালেন, ‘যে ঠান্ডা পইছে, মোর মা আর দুইটা ছোইলের জন্যে স্যুয়েটার কিনিম। দেখি পছন্দ করেছো। মেলায় দাম চাহেছে।’
পার্বতীপুর উপজেলার মিশন এলাকা থেকে আসা মোমেনা আক্তার জানালেন, ‘তিনজন এক সাথে আইছি, গরম কাপড় কিনিবার বাবদ। আত্মীয়র বাড়িত বেড়াবা আইছনো। যাবার বেলায় এন্না ঘুরি যাছি। যদি ভালায় ভালায় কিছু পাওয়া যায়। দেখিনো। দুটা কিনিওছি। আরো দেখেছি।এবার মেল্লায় দাম।’
দিনাজপুর তথ্য অফিসের অপারেটর আব্বাস জানালেন, ‘ভাই আসছি, যদি ভালো কিছু মিলে। বাচ্চার জন্যে নিয়ে নিবে। এবার শপিংমল গুলোতে যাওয়াই মুশকিল। আমাদের হিসেবের টাকা। তাই এখানেই কেনা সম্ভব।’
শুধু হকাস মার্কেট নয়, রেল ঘুমটি থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সড়ক পর্যন্ত শীতের গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। উপচেপড়া ভীড় দেখা গেছে ওইসব ফুটপাতের দোকানগুলোতেও।
বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব ফুটপাতেও। সাইজ অনুযায়ী দামও আলাদা। এক দেড়শ টাকা থেকে শুরু করে আটশ’ টাকা দামের পোশাক মিলছে এসব দোকানে গরম পোশাক। এছাড়া হাত মোজা, কানটুপি ও ছোটখাট শীতের পোশাক মিলছে ১০০ টাকার ভেতরেই।
ফুটপাতের ক্রেতা আয়েজ উদ্দিন বলেন, ‘মধ্যবিত্ত-নিম্নবিত্তদের ক্রয়সীমায় মোটামুটি সবরকম পোশাকেই ফুটপাতে পাওয়া যাচ্ছে। শপিংমলগুলোতে কেনাকাটার চেয়ে ফুটপাতে কেনাকাটা ভালো এবং সাশ্রয়ী।’







