বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, জানতে চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?
তিনি আজ (১৮ মে) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলার, এমন পরিস্থিতি নিয়ে সরকারের কোন উদ্বেগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: কে বলল আপনাকে ১৩ বিলিয়ন ডলার? কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারে বক্তব্য- ‘‘ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে’’, সাংবাদিকরা তুলে ধরলে তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করুন যে কী কারণে এটা এ পর্যায়ে এল? আমরা তো এটা জানি না। আমরা জানি, ১৯ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকে না ঢুকতে পারলে গভর্নরকে কিভাবে জিজ্ঞেস করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?’
৪৮ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারে নেমে আসায় অর্থনীতিবীদরা যে উদ্বেগ প্রকাশ করছেন, তাতে সরকারের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি? ডলার ছিল আমাদের? বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের? তিন বিলিয়ন প্লাস। তাহলে এখন ১৯-২০ বিলিয়ন ডলার আছে, এটা কম নাকি?
এখন দেশের রপ্তানি ও রেমিট্যান্স প্রবণতা বাড়ছে, এমন পরিস্থিতি অব্যহত থাকলে রিজার্ভ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।







