মৃত্যুর মুখ থেকে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার গাই হুইটাল। সপ্তাহের শুরুর দিকে চিতাবাঘের হামলার শিকার হয়েছিলেন। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন। অস্ত্রোপচারের পর ৫১ বর্ষী সাবেক ক্রিকেটারের অবস্থা স্থিতিশীল রয়েছে।
গত মঙ্গলবার চিতাবাঘের হামলার মুখে পড়েন হুইটাল। তার পোষা কুকুর চিকারা এগিয়ে না আসলে আরও ভয়ানক কিছু ঘটতে পারত বলে জানিয়েছেন। চিতার সঙ্গে লড়াই করে চিকারাও আহত হয়েছে। পরে হুইটালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাবেক অলরাউন্ডারের স্ত্রী হান্না স্টোকস হুইটাল ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন।
জিম্বাবুয়ের হুমানিতে সাফারি ব্যবসা করেন হুইটাল। সেখানে আক্রমণের শিকার হয়েছেন। চিকিৎসার জন্য আকাশপথে তাকে হারারেতে নিয়ে যাওয়া হয়। সেখানে মিল্টন পার্ক হাসপাতালে ভর্তি হন।
২০১৩ সালেও হুইটালের সঙ্গে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। সেবার সকালে ঘুম থেকে উঠে বিছানার নিচে ৮ ফুট লম্বা ১৬৫ কেজি ওজনের একটি কুমির দেখতে পান।
জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট ও ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটাল। টেস্টে ১০ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে রান করেছেন ২,২০৭। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি আছে। ওয়ানডেতে আছে ১১ ফিফটিতে ২,৭০৫ রান। টেস্টে ৫১, আর ওয়ানডেতে ৮৮ উইকেট নিয়েছেন হুইটাল।








