বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ্য, মেধাবী ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করতে পদোন্নতিতে রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধা, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রবিবার সকালে ঢাকার সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।






