তিন নৌপথের সংকটে খাদ্যসহায়তা ঝুঁকিতে ৭৩ লাখ মানুষ

ছবি: সংগৃহীত
বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি বাণিজ্যপথে অচলাবস্থার কারণে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বেড়ে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সংস্থাটির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে। এতে ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ বলেন, হরমুজ প্রণালি, বাব আল-মানদেব প্রণালি ও কৃষ্ণসাগর- এই তিনটি গুরুত্বপূর্ণ নৌপথে একযোগে সংকটের কারণে খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
লিন্ডবার্গ বলেন, সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে এই পরিস্থিতি যুক্ত হয়ে খাদ্য উৎপাদন ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডব্লিউএফপির পরিচালন ব্যয় থেকে সরাসরি অর্থ কমে যাবে। এর ফলে কম খাদ্যসহায়তা দেওয়া সম্ভব হবে।
বর্তমানে বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কিছু এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কাও দেখা দিয়েছে।
ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। অন্যদিকে, কৃষ্ণসাগর থেকে সোমালিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন দেশ শস্য আমদানি করে। ইয়েমেন তার মোট খাদ্যের ৯০ শতাংশ আমদানি করে।
সংস্থাটি জানায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বসফরাস প্রণালি দিয়ে গম ও ভুট্টাবাহী জাহাজ চলাচল ৬৩ শতাংশ কমেছে। এতে রাশিয়া ও ইউক্রেনের প্রায় এক কোটি টন গম বিশ্ববাজারে পৌঁছাতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিমাণ গম দিয়ে আনুমানিক ৪ কোটি ৪০ লাখ মানুষের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব।
লিন্ডবার্গ বলেন, ‘এটি উৎপাদনের সমস্যা নয়, বরং রাজনৈতিক সমস্যা। শস্যের সরবরাহ রয়েছে, কিন্তু যাদের প্রয়োজন, তাদের কাছে তা পৌঁছাচ্ছে না।’
এদিকে, সুদানে গত ফেব্রুয়ারির তুলনায় একটি পরিবারের ন্যূনতম খাদ্যতালিকার ব্যয় ১৩০ শতাংশ বেড়েছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি তিনটি বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক। এগুলো হলো, আর কোনো দুর্ভিক্ষ নয়, খাদ্যকে আর অস্ত্র হিসেবে ব্যবহার নয় এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর আর কোনো হামলা নয়।



