কী যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে?

জাপান সফর শেষে দেশে ফেরার পথে আবারও যান্ত্রিক ত্রুটিতে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এ কারণে নির্ধারিত সময়ের চেয়ে চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে ফ্লাইটটির। যদিও ইতোমধ্যে ত্রুটি মেরামত শেষ হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে বিমানের বিজি ৩৭৭ ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাচ্ছিল। এসময় প্রধানমন্ত্রীকে বহনকারী বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের ককপিটের মনিটরে স্পয়লারের ত্রুটির বার্তা দেখা যায়।
বিমানের নির্দেশনামালা অনুসরণ করে ককপিটে থাকা ক্যাপ্টেন ইমামুল ও ক্যাপ্টেন রাশেদীন প্রথমে সিস্টেম রিসেট করেন। এতে সমস্যার সমাধান না হওয়ায় ফ্লাইটে থাকা দুই ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ককপিটে ডাকা হয়। তারা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করে আবারও সিস্টেম রিসেটের চেষ্টা করেন। তবে তাতেও ত্রুটি দূর হয়নি।
পরে জাপানের নারিতা বিমানবন্দরের সহযোগিতায় বিমানের দুই প্রকৌশলী উড়োজাহাজের পাখার ওপর উঠে স্পয়লারের ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। এ ধরনের ত্রুটি ম্যানুয়ালি মেরামত করতে সাধারণত দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে।
স্পয়লার উড়োজাহাজের পাখায় থাকা একটি গুরুত্বপূর্ণ অংশ। অবতরণের সময় এটি উঁচু হয়ে উঠে বায়ুরোধ বাড়ায় এবং উড়োজাহাজের গতি কমিয়ে রানওয়েতে নিরাপদে থামতে সহায়তা করে।
যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ার পর ফ্লাইটটি আবার বোর্ডিং ব্রিজে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উড়োজাহাজ থেকে নেমে নারিতা বিমানবন্দরে অপেক্ষা করেন।
ত্রুটি মেরামতের পর জাপানের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আবার উড়োজাহাজে ওঠেন।



