ভারতকে হারিয়ে সিরিজে টিকে থাকল উইন্ডিজ

ক্রিকেট ম্যাচে উইন্ডিজের ব্যাটসম্যান ও বাংলাদেশের বোলার মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ওবেদ ম্যাককয়ের বিধ্বংসী বোলিংয়ে ভারতকে ১৩৮ রানে থামিয়ে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় নিকোলাস পুরানের দল।
ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয় অধিনায়ক। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের উপর ছড়ি ঘুরাতে থাকে উইন্ডিজ গতি তারকা ম্যাককয়। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে বলার মতো ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া। বাকি ব্যাটররা হাল ধরতে না পারলে ভারতীয়দের ধস নামান ম্যাককয়। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ম্যাককয়। জেসন হোল্ডার তুলেছেন দুই ভারতীয় ব্যাটারকে।
ছোট লক্ষ্যে দেখেশুনেই ব্যাট চালিয়েছে উইন্ডিজ ব্যাটাররা। দলীয় ৪৬ রানে হারায় প্রথম উইকেট। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করেন ব্র্যান্ডন কিং। শেষ দিকে ডেভন থমাস এসে ১৯ বলে ৩১ রানের ইনিংস খেললে ৪ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। এ জয়ে সিরিজে এখন সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আজ আবারও মাঠে নামবে দু’দল।
এ জয়ে টানা হারের মধ্যে দিয়ে যাওয়া উইন্ডিজ দলে প্রাণের সঞ্চার হয়েছে বলে জানান নিকোলাস পুরান। দারুণ বোলিং করায় ম্যাককয়কে প্রশংসায় ভাসান তিনি।
‘অবশেষে আমি এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারব। সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন ছিল। বেশকিছু ম্যাচে আমরা জয়ের খুব কাছে গিয়ে হেরেছি। অবশেষে জয় পাওয়ায় আমি খুশি। ম্যাককয় দুর্দান্ত বোল করেছে। পিচ কন্ডিশনের ফায়দা লুটেছে সে। ব্যাটসম্যানরা ভালো শুরু পেয়েছে যদিও আমরা হোঁচট খেয়েছি, তবে শেষ পর্যন্ত জয় মানেই জয়।’
দারুণ বোলিংয়ে ম্যাচের হাইলাইট ম্যাককয়। একাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় ব্যাটারদের খাবি খাইয়েছেন। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৬ উইকেট। দারুণ বোলিংয়ের পর জানিয়েছেন এমন বিধ্বংসী বোলিংয়ের রহস্য।
‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এটা আমার মায়ের জন্য করছি, তিনি বাড়িতে অসুস্থ। এই ম্যাচ আমাকে আরও পরিণত খেলোয়াড় হতে অনুপ্রাণিত করবে। আমি সবসময় উইকেটের খোঁজ করি। পাওয়ার প্লে’তে ব্যাটসম্যানদের রান করা থেকে বিরত রাখার চেষ্টা করি। আজকের ম্যাচ আমাকে একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’






