আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে টাইগাররা পেল দুঃসংবাদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পেসার শরিফুল ইসলাম, হাসপাতালে গেলে ছয়টি সেলাই লেগেছে তার। পুরো বিশ্বকাপ না হলেও লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত ২২ বর্ষী তারকার।
নিউইয়র্কে শনিবার ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে ব্যথা পান শরিফুল। প্রতিপক্ষের ব্যাটিংয়ের ২০তম ওভারে বল করতে এসে আঘাত পান। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত নিয়ে মাঠ ছেড়ে যান। মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতাল নিয়ে গেলে ছয়টি সেলাই পড়েছে।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটা ফিরতি বল আটকাতে গিয়ে ওর বাঁ-হাতের তর্জনী এবং মধ্যমা, সেখানকার মধ্যখানে একটি স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যা শেষে শরিফুলকে নিকটস্থ হাসপাতাল নাসাউ ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে একজন হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে তার হাতের উপর একটা মাইক্রো সুইচারিং করা হয়, যেখানে ছয়টি সেলাই পড়েছে।’
‘আমরা দুদিন পর ড্রেসিংয়ের জন্য আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। আসলে তখন আমরা বুঝতে পারব ওর মাঠে ফিরতে কী পরিমাণে সময় লাগবে। দলে শরিফুলের গুরুত্ব বিবেচনা করে আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি, যাতে ও তাড়াতাড়ি নিরাপদে ফিরে আসতে পারে।’
গত একবছরে বল হাতে শরিফুল ইসলাম দেশের অন্যতম ভরসার নাম। তিন ফরম্যাটেই আস্থার প্রতীক হয়ে উঠেছেন। পুরো বিশ্বকাপ না হলেও প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত তার। যদিও আশাবাদী থাকছে দল।






