৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

বিক্ষোভকারীরা জাতীয় স্মৃতিসৌধের সামনে জমায়েত হয়েছে, অনেক ছাত্র ও যুবক অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৩টায় জমায়েতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
সমন্বয়ক আবু বাকের মজুমদার সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি জানান।
মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ফেসবুক পোষ্টে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, সেসব পয়েন্ট অভিমুখে ‘রোডমার্চ’ কর্মসূচি পালিত হবে। রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করবো এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করবো।
দাবিসমূহ-
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।






