পরিবেশ

জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর ভূমিকা জোরদার করার আহ্বান

বিশ্ব বেতার দিবস উদযাপনে সমষ্টি’র ওয়েবিনার

অনলাইন বৈঠকে জলবায়ু সংকট ও রেডিওর ভূমিকা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিভিন্ন পেশাজীবী জলবায়ু সংকট মোকাবিলায় রেডিওর গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রেডিও ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস ২০২৫ উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ওয়েবিনার আয়োজন করে।

আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কট মোকাবিলায় রেডিওর ভূমিকা জোরদার করার পাশাপাশি প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীকে গণমাধ্যমের মূলধারায় অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।‌

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুজান ভাইজ অনুষ্ঠানে ভিডিও বার্তায় বলেন, “রেডিও সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর সর্বাধিক বিস্তৃত এবং কার্যকর মাধ্যম। রেডিওর জন্য ইন্টারনেট, ব্যয়বহুল ডিভাইস বা এমনকি সাক্ষরতার প্রয়োজন নেই। এ কারণেই রেডিও এত কার্যকর। এই শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে পারি।”

সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। তিনি বলেন, “জলবায়ু অভিযোজন এবং জরুরি পরিস্থিতিতে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার বিষয়গুলো কমিউনিটি রেডিওতে আরো জোরালো ভাবে উপস্থাপন হলে তাদের সমতার অবস্থানে আনার পথ সুগম হবে। ”

দিবসের প্রতিপাদ্যের ওপর উপস্থাপনা করেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। এরপর সাংবাদিক, জলবায়ু ও উন্নয়ন বিশেষজ্ঞ এবং কমিউনিটি রেডিওকর্মীসহ অংশগ্রহণকরীরা আলোচনায় অংশ নেন।

ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎকার, জলবায়ু সংকট বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি রেডিওগুলো তাদের অনুষ্ঠানের মাধ্যমে জরুরি ইস্যুগুলো নীতিনির্ধারকদের নজরে আনতে এবং জলবায়ু ন্যায্যতার বিষয়ে জনপরিসরে আলোচনা তৈরিতে মতামত গঠন ও নীতি প্রভাবিত করতে পারে।”

জলবায়ু ও উন্নয়ন বিশেষজ্ঞ এম খায়রুল কবির বলেন, “জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক জাগরণ তৈরিতে কমিউনিটি রেডিওগুলো প্রহরীর ভূমিকা পালন করতে পারে।”

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, “যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবেলায় কমিউনিটি রেডিও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রচার, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

কমিউনিটি রেডিও পরিচালনায় যুক্ত ব্যক্তিরা বলেন, সরকার এবং উন্নয়ন সহযোগীরা কমিউনিটি রেডিওগুলোর প্রতি সহযোগিতা বাড়ালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রতিবন্ধীসহ বঞ্চনার শিকার জনগোষ্ঠীর উন্নয়নে আরও জোরালো ভূমিকা পালন করা সম্ভব।

ওয়েবিনারে কমিউনিটি রেডিওকর্মী, গণমাধ্যম পেশাজীবী, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকর্মী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিষয়:ইউনেস্কো সমষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…