কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিন যে সহিংসতা হয়েছে তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আমাদের নেতাকর্মীরা নিরস্ত্র ছিল। সশস্ত্রদের দ্বারা তারা হামলার শিকার হয়েছে।
তিনি বলেন: এই ঘটনাপ্রবাহে আমরা আক্রান্ত, আক্রমণকারী নই। আমাদের নেতাকর্মীরা নিরস্ত্র ছিল। তারা সশস্ত্রদের দ্বারা হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: শুনুন ফখরুল সাহেব, সব তথ্যই আমাদের কাছে আছে। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে৷ কারা কোথায় কোথায় বৈঠক করেছে, অর্থ জুগিয়েছে। কারা অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রই জাতির কাছে স্পষ্ট।
নিরাপরাধ কেউ যেন গ্রেফতার না হন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সেই আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতিউৎসাহী হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেফতার করা না হয়, সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে নিরপরাধ কাউকে আটক করা হচ্ছে না। নিরপরাধ বা সাধারণ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।







