ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লুসিএল) লিগপর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত। এবার সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি ভারত। এবার ম্যাচ বয়কট করেছে যুবরাজ সিং ও শিখর ধাওয়ানরা। ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ভারত চ্যাম্পিয়ন্স। তাতে সেমিতে না খেলেই ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।
বার্মিংহামে বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের। লিগপর্বে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তান। ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে ৩ পয়েন্ট নিয়ে ভারত। নিয়ম অনুযায়ী সেমিতে একে অন্যকে প্রতিপক্ষ হিসেবে পায় ভারত ও পাকিস্তান।
৬ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ডব্লুসিএলের লিগপর্বে ভারতীয় নেটিজেনদের তোপের মুখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শিখর ধাওয়ান, হরভজন সিং ও ইউসুফ পাঠানসহ ৫ ক্রিকেটার। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দুদলকে সমান ১ পয়েন্ট করে দেয়া হয়েছিল।
নকআউট ম্যাচ হওয়ায় এবার আর পয়েন্ট ভাগের সুযোগ নেই। লিগপর্বে পাকিস্তান এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ও সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যকার ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা দীর্ঘদিনের। গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে দু-দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এমনকি পাল্টাপাল্টি হামলায়ও জড়ায় ভারত ও পাকিস্তান। তখন থেকেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে আপত্তি তোলে দেশটির কিছু মানুষ।







