নিজের আশির দশকের ছবি চান? চ্যাটজিপিটিতে ব্যবহার করুন এসব প্রম্পট

ছবি: সংগৃহীত
নিজের ছবিকে ১৯৮০-এর দশকের আবহে দেখতে চান? নতুন এক এআই ট্রেন্ডে ব্যবহারকারীরা নিজেদের ছবি চ্যাটজিপিটি-তে আপলোড করে সেটিকে ১৯৮০-এর দশকে তোলা ছবির মতো করে তৈরি করছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড। অনেকে নিজেদের এআই-তৈরি রেট্রো ছবি শেয়ার করার পাশাপাশি অন্যদেরও একইভাবে ছবি তৈরির আমন্ত্রণ জানাচ্ছেন।
এটি সাধারণ কোনো ভিনটেজ ফিল্টার ব্যবহারের মতো নয়। বরং এআইয়ের মাধ্যমে ছবির পোশাক, চুলের স্টাইল, আনুষঙ্গিক সামগ্রী, পটভূমি, আলো এবং পুরো ফটোগ্রাফির ধরনকে ১৯৮০-এর দশকের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়।
কী এই ১৯৮০-এর দশকের এআই ছবি ট্রেন্ড?
এআই ইমেজ জেনারেশনের মাধ্যমে একজন ব্যক্তিকে কল্পিত ১৯৮০-এর দশকের পরিবেশে উপস্থাপন করা হয়। ব্যবহারকারীরা চাইলে মুখ ও পরিচিতি অপরিবর্তিত রেখে পোশাক, চুলের ধরন, গয়না বা অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী, পটভূমি, আলো এবং ছবির টেক্সচার বদলে দিতে পারেন।
ছবিটি পুরোনো পারিবারিক অ্যালবামের ছবি, বলিউডের স্টুডিও পোর্ট্রেট, ম্যাগাজিনের ফটোশুট, বিয়ের ছবি কিংবা সে সময়কার টেলিভিশন তারকার পোর্ট্রেটের মতো করে তৈরি করা যায়। সাধারণত উষ্ণ আলো, হালকা ঝাপসা ভাব, কিছুটা ফিকে রং এবং অ্যানালগ ফিল্মের দানাদার টেক্সচার রাখা হয়।
ভারতীয় আবহ আনতে চাইলে ১৯৮০-এর দশকের শাড়ি, চোখে পড়ার মতো গয়না, ঘন ও বড় চুলের স্টাইল, গোঁফ, শার্ট এবং হাই-ওয়েস্ট ট্রাউজারের মতো পোশাক ও সাজসজ্জার কথা প্রম্পটে উল্লেখ করা যায়।
কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রেন্ড?
এই ট্রেন্ডে ব্যক্তিগত ছবি ও নস্টালজিয়াকে একসঙ্গে পাওয়া যাচ্ছে। শুধু একটি ছবিকে পুরোনো দেখানোর বদলে এআইয়ের সাহায্যে ব্যবহারকারীরা কল্পনা করতে পারছেন, অন্য এক দশকে তারা বা তাদের পরিবারের সদস্যদের দেখতে কেমন হতে পারতেন।
এ ছাড়া নির্দিষ্ট কোনো থিমও বেছে নেওয়া যায়। যেমন পুরোনো বলিউডের প্রচারণামূলক ছবি, ভারতীয় পরিবারের অ্যালবামের ছবি কিংবা রেট্রো স্টুডিও পোর্ট্রেট।
চ্যাটজিপিটি দিয়ে ১৯৮০-এর দশকের ছবি তৈরির উপায়
১. একটি ছবি বেছে নিন
এমন একটি পরিষ্কার পোর্ট্রেট বা সেলফি বেছে নিন, যেখানে মুখ ভালোভাবে দেখা যায়।
২. চ্যাটজিপিটি-তে ছবি আপলোড করুন
ইমেজ তৈরি বা সম্পাদনার সুবিধা রয়েছে এমন চ্যাটজিপিটি কথোপকথনে ছবিটি যুক্ত করুন।
৩. ১৯৮০-এর দশকের লুকের কথা বলুন
কী কী পরিবর্তন চান তা প্রম্পটে লিখুন। পোশাক, চুলের ধরন, পটভূমি, আলো এবং ছবির ধরন উল্লেখ করতে পারেন।
৪. নির্দিষ্ট থিম বেছে নিন
যেমন পুরোনো বলিউড স্টুডিও পোর্ট্রেট, ভারতীয় পরিবারের অ্যালবামের ছবি, ১৯৮০-এর দশকের বিয়ের ছবি কিংবা ভিনটেজ ম্যাগাজিনের ফটোশুট।
৫. ছবি আরও পরিমার্জন করুন
প্রথম ফলাফল পছন্দ না হলে নতুন নির্দেশনা দিতে পারেন। মুখের পরিচিতি ঠিক রেখে চুলের ধরন, পোশাক, পটভূমি কিংবা আলোর পরিবর্তন করতে বলা যায়।
১৯৮০-এর দশকের ছবি তৈরির সাধারণ প্রম্পট
শুরুতে এমন একটি প্রম্পট ব্যবহার করতে পারেন:
এই ছবিটিকে বাস্তবসম্মত ১৯৮০-এর দশকের ছবিতে রূপান্তর করুন। আমার মুখ, মুখাবয়ব ও পরিচিতি যেন স্পষ্টভাবে চেনা যায়। পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক সামগ্রী ১৯৮০-এর দশকের উপযোগী করে পরিবর্তন করুন। ওই সময়ের উপযোগী সাজসজ্জা, উষ্ণ অ্যানালগ আলো, হালকা ফিল্ম গ্রেইন, কিছুটা ফিকে রং ও সফট ফোকাস ব্যবহার করুন। আধুনিক কোনো বস্তু সরিয়ে দিন এবং ছবিটিকে এমনভাবে তৈরি করুন যেন এটি সত্যিই ১৯৮০-এর দশকে তোলা হয়েছিল, শুধু ভিনটেজ ফিল্টার যোগ করা হয়নি।
ভারতীয় স্টাইলে ১৯৮০-এর দশকের ৭টি প্রম্পট
১. বলিউড স্টুডিও পোর্ট্রেট
এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি আসল বলিউড স্টুডিও পোর্ট্রেটে রূপান্তর করুন। আমার মুখের বৈশিষ্ট্য ও পরিচিতি যেন স্পষ্ট থাকে। ১৯৮০-এর দশকের উপযোগী ভারতীয় পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক সামগ্রী যোগ করুন। উষ্ণ স্টুডিও আলো, সফট ফোকাস, হালকা ফিল্ম গ্রেইন ও কিছুটা ফিকে রং ব্যবহার করুন। ছবিটিকে এমন দেখান যেন এটি ১৯৮০-এর দশকে ভারতে তোলা হয়েছিল, আধুনিক ছবিতে শুধু ভিনটেজ ফিল্টার দেওয়া হয়নি।
২. পুরোনো পারিবারিক অ্যালবাম
এই ছবিটিকে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ের একটি ভারতীয় পারিবারিক অ্যালবামের ছবিতে রূপান্তর করুন। ব্যক্তির মুখ ও অভিব্যক্তি স্বাভাবিক এবং পরিচিত রাখুন। ওই সময়ের উপযোগী পোশাক, চুলের ধরন ও পটভূমি যোগ করুন। নরম আলো, বাস্তবসম্মত ফিল্মের রং এবং হালকা অ্যানালগ ফিল্ম গ্রেইন ব্যবহার করুন। ছবিটিকে যেন ডিজিটালভাবে সম্পাদিত না মনে হয়ে পুরোনো পারিবারিক ছবি মনে হয়।
৩. ১৯৮০-এর দশকের বলিউড নায়িকা
এই ছবিটিকে ১৯৮০-এর দশকের গ্ল্যামারাস বলিউড নায়িকার পোর্ট্রেটে রূপান্তর করুন। আমার মুখ স্বাভাবিক ও পরিচিত রাখুন। বড় আকারের ১৯৮০-এর দশকের চুলের স্টাইল, রঙিন শাড়ি ও নজরকাড়া গয়না দিন। উষ্ণ আলো, সফট ফোকাস এবং হালকা অ্যানালগ ফিল্ম গ্রেইনসহ একটি ক্লাসিক ভারতীয় স্টুডিও পরিবেশ তৈরি করুন।
৪. ১৯৮০-এর দশকের বলিউড নায়ক
এই ছবিটিকে ১৯৮০-এর দশকের বলিউড নায়কের স্টুডিও পোর্ট্রেট হিসেবে তৈরি করুন। আমার মুখের পরিচিতি অপরিবর্তিত রাখুন। ওই সময়ের উপযোগী চুলের স্টাইল, ক্লাসিক শার্ট, হাই-ওয়েস্ট ট্রাউজার এবং ঐতিহ্যবাহী স্টুডিও ব্যাকগ্রাউন্ড যোগ করুন। উষ্ণ আলো, কিছুটা ফিকে রং এবং হালকা অ্যানালগ ফিল্ম গ্রেইন ব্যবহার করুন।
৫. ১৯৮০-এর দশকের বিয়ের ছবি
কল্পনা করুন, এই ছবিটি ১৯৮০-এর দশকে একটি ভারতীয় বিয়েতে তোলা হয়েছিল। সবার মুখ যেন পরিচিত থাকে। ওই দশকের ভারতীয় বিয়ের পোশাক, চুলের স্টাইল, গয়না, সাজসজ্জা, আলো ও ফটোগ্রাফির ধরন পুনরায় তৈরি করুন। বাস্তবসম্মত অ্যানালগ ফিল্ম গ্রেইন এবং পুরোনো পারিবারিক ছবির মতো সামান্য অসম্পূর্ণতা রাখুন।
৬. ১৯৮০-এর দশকের ম্যাগাজিন কভার
এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি ভারতীয় ম্যাগাজিনের পোর্ট্রেটে রূপান্তর করুন। আমার মুখ বাস্তবসম্মত ও পরিচিত রাখুন। ওই সময়ের উপযোগী চুল, পোশাক, গয়না ও মেকআপ ব্যবহার করুন। সাধারণ স্টুডিও ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিক কিন্তু নাটকীয় আলো, সফট ফোকাস এবং অ্যানালগ ফিল্মের টেক্সচার যোগ করুন।
৭. রেট্রো ভারতীয় রাস্তার ছবি
কল্পনা করুন, এই ছবিটি ১৯৮৭ সালে ভারতের কোনো রাস্তায় তোলা হয়েছিল। আমার মুখ ও পরিচিতি যেন স্পষ্ট থাকে। আশপাশের পরিবেশ, পোশাক, চুলের স্টাইল, যানবাহন, সাইনবোর্ড ও রং ১৯৮০-এর দশকের শেষের দিকের ভারতের সঙ্গে মিলিয়ে দিন। প্রাকৃতিক দিনের আলো, বাস্তবসম্মত রং এবং হালকা অ্যানালগ ফিল্ম গ্রেইন ব্যবহার করুন।
ইনস্টাগ্রামে কীভাবে শেয়ার করবেন?
ছবি তৈরি হওয়ার পর সেটি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা যায়। এই ট্রেন্ডের সঙ্গে ইনস্টাগ্রামের ‘অ্যাড ইয়োরস’ স্টিকারও যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অনুসারীদের একই ধরনের ছবি তৈরি করে শেয়ার করার আমন্ত্রণ জানাতে পারেন।
নস্টালজিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ এবং এআই-ভিত্তিক ছবি তৈরির সমন্বয়ে ১৯৮০-এর দশকের এই ট্রেন্ড ব্যবহারকারীদের পুরোনো সময়ের চেহারা নতুনভাবে কল্পনা করার সুযোগ দিচ্ছে।






