সদ্যগত মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। শেষদিকে অবস্থা এমন দাঁড়ায়, মাঠে নামলেই প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আক্রমণের কবলে পড়তে হয়েছে। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে একই পরিস্থিতিতে পড়েন। প্রতিবাদেও মুখোর হয়েছেন ব্রাজিলীয় তারকা। তাকে নিয়েই তাই ফিফা তৈরি করল বর্ণবাদবিরোধী কমিটি। কমিটির প্রধানও করা হয়েছে ভিনিসিয়াসকে।
বিশেষ এই কমিটির কথা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়াসের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি বলেছেন, ‘বর্ণবাদ নিয়ে ফুটবল হয় না। যথেষ্ট হয়েছে। যখনই এমনকিছু হবে, তখনই ম্যাচ বন্ধ করা উচিত। নিরাপদ পরিবেশের জন্য আমাদের কী দরকার, তা জানতে হবে। বিষয়টি নিয়ে আমরা খুবই মনোযোগী। জাতীয় পর্যায়েও প্রতিটি স্তরে পদক্ষেপ নিতে হবে। প্রত্যেককে এ বিষয়টি বুঝতে হবে। আমরা শেষ পর্যন্ত একসঙ্গে এরজন্য লড়াই চালিয়ে যাব।’
ভ্যালেন্সিয়ার মাঠে ভিনি বর্ণবাদের শিকার হওয়ার পরই মূলত ফুটবল বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। ২২ বর্ষী তারকার সমর্থনে এগিয়ে আসে ব্রাজিল সরকার, ফিফা থেকে শুরু করে সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে স্পেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে ব্রাজিল।
৫৩ বর্ষী ইনফান্তিনো মনে করেন, ‘এমন গুরুত্বপূর্ণ বিষয়ে খেলোয়াড়দের সম্পৃক্ততা বিষয়টি আরও জোরাল করবে। এই ব্যাপারে ভিনিসিয়াসকে খেলোয়াড়দের নিয়ে গড়া কমিটির নেতৃত্ব দিতে বলেছি, যারা বর্ণবাদের বিরুদ্ধে কঠিন শাস্তির সুপারিশ করবে। এমনকি বিশ্বজুড়ে সেই শাস্তি সকল ফুটবল কর্তৃপক্ষ প্রয়োগ করবে।’
‘আমরা স্টেডিয়াম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদীদের চিহ্নিত করতে চাই। তারা অপরাধী। স্টেডিয়ামের বাইরে যারা এসব করে, তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। সারাবিশ্বের স্টেডিয়াম থেকে তাদের নিষিদ্ধ করতে হবে।’







