ইউরোপীয় ফুটবলে ঠাঁসা সূচিতে দম ফেলার সুযোগ নেই খেলোয়াড়দের। একসঙ্গে খেলতে হচ্ছে তিন-চারটি লিগে। সঙ্গে জাতীয় দলের ম্যাচ আছেই। তাতে চোটের কবলে পড়ছেন আগের চেয়ে বেশি। স্বস্তি পেতে অনেককে সময়ের আগে অবসর নিচ্ছেন জাতীয় দল থেকে। এমন টানা খেলা নিয়ে চটেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
ঘরের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-১ গোলে জিতে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার তিন দিনের মধ্যে ভিয়ারিয়ালের বিপক্ষে নামতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।
ঠাঁসা সূচির পরিবর্তন না আনলে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে ইতালিয়ান কোচ বলেছেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষবার।’
৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই মাঠে নামবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘না, কোনমতেই খেলব না।’
লা লিগা পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৬০ পয়েন্টে শীর্ষে ফিরেছে রিয়াল। তবে ২ ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা অ্যাটলেটিকো খেলেছে ২৭ ম্যাচ।









