প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য রাজধানীর একটি হাসাপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গতকাল রোববার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম নেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী। ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।







