জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ।
আল জাজিরা জানিয়েছে, বুধবার (২ জুলাই) দেশটির পার্লামেন্টে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভলকার তুর্কের সাম্প্রতিক প্রতিবেদন যেখানে তিনি ভেনেজুয়েলায় নির্বিচার গ্রেফতার, গুম এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলেছেন।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে বহু মানুষকে বিনা অভিযোগে আটক করা হয়েছে এবং তাদের গুম করা হয়েছে। এছাড়া জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক অধিবেশনে তুর্ক সরাসরি এসব অভিযোগ উত্থাপন করেন, যা ভেনেজুয়েলার সরকারের ক্ষোভের জন্ম দেয়।
অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী এবং জাতীয় পরিষদের স্পিকার জর্জ রদ্রিগেজ বলেন, জাতিসংঘ মানবাধিকার অফিসের সঙ্গে সরকারের সব ধরনের যোগাযোগ বন্ধ করা উচিত।
এদিকে, ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের দপ্তর তুর্কের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে একে ‘ভেনেজুয়েলার ওপর আক্রমণ’ বলে আখ্যা দিয়েছে।







