যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ড অধিকার করবে, কয়েক সপ্তাহ ধরে তিনি ডেনিশ অঞ্চলটির অধিগ্রহণে পুনরায় আগ্রহ প্রকাশ করছেন।
আজ (২৬ জানুয়ারি) রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি মনে করি আমরা এটি (গ্রিনল্যান্ড) পাবো। গ্রিনল্যান্ডের ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়।
এটি এমন সময় বলা হলো, যখন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ২০১৯ সালে প্রথম ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অবশ্যই প্রয়োজনীয়।
তবে ট্রাম্পের আত্মবিশ্বাসী মন্তব্য সত্ত্বেও, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী উভয়েই বলেছিলেন যে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা এবং খনন সংক্রান্ত আরও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।







