দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের তিন দিনের বাংলাদেশ সফর শেষ হয়েছে। সফরকালে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা করেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে মানবিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
শনিবার (১ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস ও পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা শাই এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেন রাষ্ট্রদূত সার্জিও গর। ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করা রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে সার্জিও গর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ সফর দুই দেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতার প্রতিফলন।

