ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাস হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার ২০ এপ্রিল ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি। বিপক্ষে ১১২ ভোট পড়েছে। দ্বিদলীয় ভোটে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেয়ার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন রিপাবলিকান।
অন্যদিকে ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ২৬ দশমিক ৪ ডলারের সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। দ্রুতই বিল দুটি সিনেটে তোলা হবে। সেখানে বিল দুটি পাস করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।
বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের সামাজিক মাধ্যমে লিখেন, কংগ্রেসে পাস হওয়া গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা বিল যুদ্ধকে সম্প্রসারণ হওয়া থেকে রক্ষা করবে। হাজার হাজার জীবন বাঁচাবে ও উভয় দেশকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।








