ওবামা-চেস্কি ভয়েজার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত “ডিজাইন ফর বাংলাদেশ” কার্যক্রমে শিক্ষার্থীদের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাচি এবং মুখপাত্র ব্রায়ান শিলার অতিথি প্রভাষক হিসেবে অংশগ্রহণ করেছেন।
আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার ঢাকার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এই কার্যক্রমে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য দেন তিনি।
এসময় শিলার বলেন, আজকের এই জটিল বিশ্বে প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনও পদ্ধতি একটি বিশাল ও জটিল সমস্যার সমাধান করতে পারে না। প্রয়োজন হয় আন্তঃবিভাগীয় পদ্ধতির।
শিলার এসময় আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কার্যকর যোগাযোগ, সহযোগিতা এবং শিখন অভিজ্ঞতা ভাগ করে নেয়ার গুরুত্বের ওপর জোর দেন। একজন শিক্ষার্থী এবং পাবলিক ডিপ্লোম্যাসিতে কর্মরত পেশাদার হিসেবে নিজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে কীভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী যে কেউ বিনামূল্যে তথ্যের জন্য এই লিংকটিতে যেতে পারেন: https://educationusa.state.gov/।
ওবামা ফাউন্ডেশন এবং এয়ারবিএনবি এর অংশীদারিত্বে জনসেবার জন্য, ওবামা-চেস্কি ভয়েজার বৃত্তির মাধ্যমে “ডিজাইন ফর বাংলাদেশ” বাস্তবায়িত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ বৃত্তির প্রথম অধিকারী ইতবান নাফি। তিনি তার ভয়েজার বৃত্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন এবং “ডিজাইন ফর বাংলাদেশ” তৈরি করেছেন। নাফি একজন বাংলাদেশি আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
“ডিজাইন ফর বাংলাদেশ” আট সপ্তাহের একটি কার্যক্রম। এর আওতায় ভিন্ন ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দশজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীতিগত নানা সমস্যা বিশ্লেষণে আন্তঃবিভাগীয় পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের সবাই ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।







