পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল পর্যায়ক্রমে বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (৫ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের দায়িত্ব এখন থেকে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে। এই সিদ্ধান্ত কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পেশোয়ারে সরাসরি উপস্থিতি কমলেও পাকিস্তানে তাদের নীতিগত অগ্রাধিকার অপরিবর্তিত থাকবে। খাইবার পাখতুনখাওয়ার জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি এবং মার্কিন স্বার্থ অগ্রসর করার কাজ অব্যাহত থাকবে।
এছাড়া ইসলামাবাদ, করাচি এবং লাহোরে অবস্থিত কূটনৈতিক কেন্দ্রগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।







