রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মে মাস থেকে ভারতের সাথে রাশিয়ার তেল বাণিজ্যর পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে রেকর্ড ৬ দশমিক ৬৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে রপ্তানি করে রাশিয়া। ডিসেম্বরে এর পরিমাণ ছিল ৪ দশমিক ১ মিলিয়ন ব্যারেল।
ইউরোপে গত মাসে রাশিয়ান তেল আমদানি বন্ধ করার পর আর্কটিক অঞ্চলে উৎপাদিত এই অপরিশোধিত তেল চীন ও ভারতে সরবরাহ করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেয়ার পর রাশিয়ান ব্যবসায়ীরা বিপুল ছাড়ে নতুন ঠিকানায় তেল বিক্রি শুরু করে।
সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, এসব অপরিশোধিত তেল সাধারণত ইইউতে যায়। তবে বর্তমান পরিস্থিতির কারণে তাদের নতুন ঠিকানা খুঁজতে হবে।
অন্যদিকে মূরমানস্ক বন্দরে আর্কটিক অপরিশোধিত তেল লোড করা অন্তত তিনটি তেল ট্যাংকার এখন চীনের দিকে যাচ্ছে বলে জানা যায়।







