বেশ লম্বা সময় ধরে মাঠের খেলায় ধারাবাহিকতা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। খেসারত দিয়ে চাকরি হারিয়েছেন কোচ এরিক টেন হাগ। তবে ব্যর্থতার দায় শুধু কোচের নয়, খেলোয়াড়দেরও। এমন মনে করছেন ইউনাটেড তারকা ব্রুনো ফের্নান্দেজ।
ভারপ্রাপ্ত ডাচ কোচ রুদ ফন নিস্টলরয়ের কোচিংয়ে লিগ কাপে লেস্টার সিটির বিপক্ষে বড় জয়ের পর রোববার রাতে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাটেড।
ম্যাচ শেষে পর্তুগিজ তারকা ফের্নান্দেজ বলেছেন, ‘কোচকে বিদায় নিতে হওয়া মানে ক্লাবের কারও জন্যই ভালো ব্যাপার না। দল সেরা অবস্থায় নেই, খুব ভালো ফল করতে পারছে না এবং সেটির খেসারত কেবল তাকেই দিতে হয়েছে। এমন ঘটনায় খেলোয়াড় হিসেবে নিজের উপর দোষ নিতে হবে, কারণ দল ভালো করছে না।’
‘১৫ জন খেলোয়াড় ছেড়ে দেয়ার চেয়ে কোচকে বরখাস্ত করা সহজ। কোচের সঙ্গে কথা বলেছি এবং তার কাছে ক্ষমা চেয়েছি। তার চলে যেতে হওয়ায় আমি হতাশ। কোচকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। গোল পাচ্ছিলাম না। আমরা গোল পাচ্ছিলাম না এবং নিজেকে দায়ী মনে হচ্ছে।’
ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্তের পর নতুন কোচ করে পর্তুগালের রুবেন আমোরিমকে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী সপ্তাহে ইউনাইটেডের হাল ধরতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।








